‘অন্যন্য ভৌগোলিক বিন্দু’ ভাঙ্গার ধোপডাঙ্গা বিলে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের ভাঙ্গারদিয়া গ্রামের ধোপডাঙ্গা বিলে পৃথিবীর মাত্র ১২টি ভৌগোলিক ছেদবিন্দুর একটি এই এলাকায় অবস্থান করছে। কর্কটক্রান্তি রেখা ও ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার সংযোগস্থল হওয়ায় ভাঙ্গারদিয়া গ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বৈজ্ঞানিকভাবে এই স্থানকে ‘অন্যন্য ভৌগোলিক বিন্দু’ বলা হয়। এখানেই প্রতি বছরের ২২ জুন সূর্যের মুখোমুখি দাঁড়ালে শরীরের ছায়া দেখা যায় না।

২০১৯ সালে বিজ্ঞান লেখক ড. জাফর ইকবালের লেখা একটি নিবন্ধে বিষয়টি আলোচনায় আসে। পরে তৎকালীন সরকার মহাকাশ গবেষণা কেন্দ্র ও আন্তর্জাতিক মানমন্দির গড়ে তোলার উদ্যোগ নেয়। ২০২১ সালের জুনে একনেক সভায় ২১৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়। লক্ষ্য ছিল ২০২৪ সালের জুনের মধ্যে নির্মাণ শেষ করা।

প্রকল্প বাস্তবায়ন হলে মহাকাশ গবেষণার পাশাপাশি এটি শিক্ষার্থী, গবেষক ও পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠত। দেশি-বিদেশি পর্যটক আকৃষ্ট হওয়ার ফলে অর্থনৈতিক সম্ভাবনাও তৈরি হতো।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, ‘আমরা আশা করেছিলাম জমি দিয়ে উন্নয়নের অংশীদার হবো। কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ায় এখন মাঠে ধান চাষ করছি। এতে আমরা হতাশ।’

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ শাহাবুর রহমান জানান, সরকার পরিবর্তন ও কাজের ধীরগতির কারণে প্রকল্প থেমে গেছে। তিনি আশা প্রকাশ করেন, বর্তমান সরকার পুনরায় উদ্যোগ নেবে।

তবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তথ্য অনুযায়ী, ছেদবিন্দুটি প্রতিবছর দক্ষিণ দিকে সরে যাচ্ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত পাঁচ বছরে এটি প্রায় ৭৫ মিটার দক্ষিণে সরে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে এই স্থান আরও পরিবর্তিত হতে পারে।

এখন প্রকল্প এলাকা ফাঁকা পড়ে আছে। আংশিক সড়ক ও ভরাটকাজ শেষ হলেও পুরো পরিকল্পনা অনিশ্চয়তায় আটকে গেছে। এলাকাবাসীর প্রত্যাশা, এই ঐতিহাসিক ভৌগোলিক বিন্দুকে কেন্দ্র করে আবারও নতুন করে উন্নয়নকাজ শুরু হবে।