মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বেলা আড়াইটা থেকে ৩টার দিকে হোগলাকান্দি বড় মসজিদের পাশে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন- বারেক মোল্লা ছেলে সাকিব মোল্লা (২৭), রতন মাঝি ছেলে আকাশ মাঝি (২৫), ওয়াহেদ আলী মোল্লা ছেলে মহিউদ্দিন মোল্লা (৩৫), বাহাউদ্দিন মোল্লার ছেলে সাব্বির মোল্লা (২৩)।
পুলিশ জানায়, জুমার নামাজ শেষে জালাল মোল্লা গ্রুপের লোকজন জড়ো হলে চরকেওয়ার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন গাজী গ্রুপের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং গুলিবর্ষণ করে। সংঘর্ষে ছররা গুলিতে চারজন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। সংবাদ পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪টি অবিস্ফোরিত ককটেল ও শর্টগানের খোসা উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ পেয়ে স্থানীয়রা থানায় খবর দিলে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘর্ষকারীরা পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থল থেকে ১৪টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’