কুমিল্লায় ১৪ মামলার পলাতক আসামি যুবলীগ নেতা গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হত্যাসহ ১৪ মামলার পলাতক আসামি ও জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আলম (৪০) ওরফে পা কাটা আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানার পুলিশ।

শাহ আলম ওই গোপচর গ্রামের মৃত বজলু মিয়ার ছেলে এবং জিংলাতুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী হত্যা মামলার এজহারভুক্ত আসামি শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে। সে এলাকায় বিভিন্ন মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বলেও জানায় পুলিশ।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন অটোরিকশাচালক বলেন, বিভিন্ন সড়কে চলাচল করা শত শত সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নদীপথে বালুবাহী বাল্কহেড থেকে শাহ আলমের নির্দেশে এখনও নিয়মিত চাঁদা তোলা হচ্ছে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েক বছর আগে তার সহযোগীরাই আলমের একটি পা কেটে নিয়ে যান। পরে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে পা প্রতিস্থাপন করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্যবিরোধী আন্দলনে রিফাত হত্যা মামলার এজহারভুক্ত আসামি মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার সকালে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।