ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পরিচ্ছনতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান চলে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রায় একশত পরিচ্ছন্ন কর্মী এ অভিযানে অংশ নেয়।
কর্মীরা আদালত ভবন ও এর প্রাঙ্গনের আনাচে কানাচে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার করেন। পরিস্কারের ফলে আদালত প্রাঙ্গনের অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে।
এদিকে আদালত প্রাঙ্গনে আসা আইনজীবী, বিচারপ্রার্থী জনগণসহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ময়লা-আবর্জনা ডাস্টবিনে ফেলার পরামর্শ দেয়া হয়েছে। এজন্য দক্ষিণ সিটি করপোরেশন থেকে সরবরাহ করা হচ্ছে ৮০টি বিন।
ঢাকার অধস্তন আদালতগুলো সরকারি ছুটির দিন ব্যাতীত সবসময় থাকে জনাকীর্ণ। হাজার হাজার বিচারপ্রার্থী জনগণের পদচারনায় মুখরিত থাকে আদালতগুলো। বিপুল সংখ্যক মানুষের পদচারনার ফলে আদালত প্রাঙ্গণে নানা ময়লা আবর্জনা পড়ে থাকে। অনেকে ধুমপান করে অবশিষ্টাংশ যেখানে-সেখানে ফেলে রাখে। ফলে আদালত প্রাঙ্গণ তার স্বাভাবিক সৌন্দর্য হারায়।
সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয় জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে। দায়িত্ব নিয়েই তিনি তার অধীনে থাকা আদালতগুলোর বিচার কার্যে গতিশীলতা আনয়নে নানা দিক নির্দেশনা দেন। পাশাপাশি আদালতের পরিবেশ যাতে ভালো থাকে সে ব্যাপারে নানা উদ্যোগ নেন। এই উদ্যোগের অংশ হিসেবে যোগাযোগ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে। সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে আজ শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত এ পরিচ্ছনতা অভিযান চলে। প্রায় শতাধিক পরিচ্ছন কর্মী এতে অংশ নেয়।
পুরান ঢাকার অধিবাসী ফরিদ হোসেন বলেন, আদালত প্রাঙ্গণে সবসময় ময়লা পড়ে থাকত। কাগজের ঠোঙ্গা, সিগরেটের অবশিষ্টাংশ সহ নানা কিছু। আজকে পরিস্কারের ফলে ভিন্নরূপ পেল। প্রাঙ্গনটা অনেক ঝকঝকে লাগছে।