সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কিশোরগঞ্জের যুবক

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরহাদ হাসান সানী (৪৫) নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তাবুক শহরের প্রিন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রোববার (৫ অক্টোবর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ভাই ডা. মো. দ্বীন ইসলাম মিঠু।

নিহত ফরহাদ হাসান সানী পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ প্রায় দুই যুগ ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে কোম্পানির ডিউটি শেষে প্রাইভেটকারে বাসায় ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের ছোট ভাই ঢাকা পঙ্গু হাসপাতালের সার্জন ডা. মো. দ্বীন ইসলাম মিঠু বলেন, আমার বড় ভাই দীর্ঘ ২২ বছর যাবত সৌদি আরবে থাকেন। দূতাবাসে যোগাযোগ করে তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে।