সারাদেশ বিনোদন ডেস্ক
‘মূকভাষায় বাংলার সংস্কৃতি’ শিরোনামে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের আয়োজনে সম্পন্ন হলো দু-দিনব্যাপী আবাসিক ‘মাইম ডিরেক্টরস মিট ২০১৮’ ও ‘দ্বিতীয় মনোমাইম ফেস্টিভ্যাল ২০১৮’। রংপুরস্থ কারমাইকেল কলেজে গত ৩০ নভেম্বর সকাল ১০টায় ‘মাইম ডিরেক্টরস মিট ২০১৮’ এবং সন্ধ্যা ৬টায় টাউন হল চত্ত্বরের সাহিত্য মঞ্চে ‘দ্বিতীয় মনোমাইম ফেস্টিভ্যাল ২০১৮’-এর উদ্বোধন করা হয়। এ আয়োজনে বাংলাদেশ ও পশ্চিমবাংলার উল্লেখযোগ্য মূকনাট্য নির্দেশক এবং মূকাভিনয় ও নাট্য সংগঠকরা যোগ দেন। মূকাভিনয়ের ব্যাপক জনপ্রিয়তা সত্ত্বেও নাগরিক শহর কেন্দ্রিক চর্চার সীমাবদ্ধতা কাটিয়ে সারাদশে শিল্পটিকে ছড়িয়ে দেওয়ার প্রয়াস থেকেই দেশে মূকাভিনয় চর্চারত দলগুলোর ঐক্যবদ্ধ সংগঠন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন এ আয়োজন করে। মূকাভিনয়কে সুষ্ঠু চর্চার লক্ষ্যে মূকাভিনয়ের দর্শন, অনুশীলন, গল্প, নির্মাণ, উপস্থাপন কৌশল প্রভৃতি নানা বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, আনন্দ আড্ডা, রংপুরের স্থানীয় সংস্কৃতিকর্মীদের সাথে মতবিনিময় ও মূকাভিনয় প্রদর্শনী ছিল এ আয়োজনে।
‘মাইম ডিরেক্টরস মিট-২০১৮’ উদ্বোধন করেন দেশের প্রথম মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন। সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন। এই আয়োজনে সংশ্লিষ্ট মূকাভিনেতারা ছাড়াও নিরঞ্জন গোস্বামী, কাজী মশহুরুল হুদা, জিল্লুর রহমান জন, তরুণ প্রধান, অনির্বাণ গুহ, সোমা দাসসহ আন্তর্জাতিক শিল্পীদের গবেষণা প্রবন্ধ আলোচিত হয়। বিভিন্ন বিষয়ে আলোচনা উপস্থাপন করেন ড. ইস্রাফিল আহমেদ, রিজোয়ান রাজন, রাজ ঘোষ, সব্যসাচী দত্ত (ভারত), মাসউদুর রহমান, সাম্য রহমান, অনিন্দ্য ব্যানার্জি (ভারত), মীর লোকমান, মৌসুমী মৌ, ধীরাজ হাওলাদার (ভারত), ধীমান সাহা জুয়েল, সুজিত কুমার (ভারত), জীবন দে (ভারত), রবিউল আলম রবি প্রমুখ। এছাড়া মূকাভিনয় ফেডারেশনের উদ্যোগে প্রকাশিত বাংলাদেশের প্রথম মূকাভিনয় জার্নালেরও মোড়ক উন্মোচন করা হয়।
‘দ্বিতীয় মনোমাইম ফেস্টিভ্যাল ২০১৮’ উদ্বোধন করেন রংপুরের প্রবীণ নাট্যজন মনোয়ার হোসেন। অতিথি হিসেবে ছিলেনন রংপুর শিল্পকলা একাডেমির প্রাক্তন সম্পাদক তৌহিদুর রহমান টুটুল। সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের চেয়ারম্যান জাহিদ রিপন। দু-দিনব্যাপী উত্সবে মূকাভিনয় পরিবেশন করে রঙ্গন আহমেদ, রিজোয়ান রাজন, রাজ ঘোষ, সব্যসাচী দত্ত, মাসউদুর রহমান, মীর লোকমান, মাহবুব আলম, শহীদুল বশর মুরাদ, মৌসুমী মৌ, মেজবাহ চৌধুরী, রূপক আইচ, কারমাইকেল কলেজের সংগঠন কাকাশিস ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সংগঠন রণন।
পুরো আয়োজনে সমন্বয়কারী হিসেবে ছিলেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশনের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুব আলম।