বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু

‘বিএনপি ক্ষমতায় এলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা’

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে জরুরি ছিল সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগ করা। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে নোয়াখালী বিভাগ করা এবং বিএনপি ক্ষমতায় এলে প্রথম অগ্রাধিকার হবে নোয়াখালীকে বিভাগ করা।

সোমবার (৬ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে ঢাকার নোয়াখালী জেলা সমিতি কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বুলু বলেন, নোয়াখালী জেলার আয়তন ২০০০ বর্গ কিলোমিটার বেড়ে যাচ্ছে। সমুদ্রবন্দর হচ্ছে। বাংলাদেশের সৃষ্টির সঙ্গে নোয়াখালীর নেতারা প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছে। সিরাজুল আলম খানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। আ স ম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে। প্রথিতযশা সাংবাদিকদের বাড়িও নোয়াখালী।

তিনি বলেন, পাকিস্তান সৃষ্টি হওয়ার পর প্রথম জেলা কমিটি গঠিত হয় তা নোয়াখালী জেলা সমিতি। বিএনপি ক্ষমতায় এলে নোয়াখালীকে বিভাগ করার জোর প্রচেষ্টা চালাব। বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়ার বাড়িও বৃহত্তর নোয়াখালী।