ঐতিহ্যবাহী লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত বার্ষিক ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের স্টেপনি গ্রিন মাঠে। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে প্রবাসী সাংবাদিকদের ৬টি দল অংশ নেয়।
টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে টাইব্রেকারে চ্যানেল এস-কে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মো. জুবায়ের এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আলদীন বলেন, ফুটবল আমাদের ঐতিহ্য। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, স্মৃতি আর ভালোবাসা। অথচ আজ নানা কারণে ফুটবলকে আমাদের দেশে অপাংক্তেয় করে দেওয়া হয়েছে। মাতামাতি হচ্ছে শুধু ক্রিকেট নিয়ে। তরুণ প্রজন্মের নজর এখন পুরোপুরি ক্রিকেটের দিকে। ফুটবল তার কৌলিন্য হারাচ্ছে। কিন্তু আজ লন্ডনে এসে আবার যেন হারিয়ে যাওয়া মোহামেডানকে ফিরে পেলাম। অন্য দলগুলোর পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। আমরা চাই এই ফুটবল বাংলাদেশে আবার তার গৌরবময় অবস্থানে ফিরে আসুক।"
টুর্ণামেন্টে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন বাহার উদ্দিন এবং শাহিদুর রহমান সুহেল। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন জাকির হোসেন কয়েস। ম্যান অব দ্য ম্যাস ফাইনাল হয়েছেন আব্দুস সোবহান।
টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হচ্ছে- ওয়ানবাংলা ইউনাইটেড, বাংলা কাগজ, চ্যানেল এস, মোহামেডান এসসি , দেশ-পত্রিকা ইউনাইটেড এবং ইউকে বাংলা লাইভ ইউনাইটেড।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে খেলার বিস্তারীত তুলে ধরা হয়। ওই দিন উপস্থিত সবার সামনে লটারি মাধ্যমে টিমগুলোকে এ এবং বি গ্রুপে ভাগ করে দেয়া হয়। গ্রুপ এ তে ছিলো- বাংলা কাগজ, ওয়ানবাংলা ইউনাইটেড ও ইউকে বাংলা লাইভ এবং গ্রুপ বি’তে ছিলো- দেশ-পত্রিকা ইউনাইটেড, চ্যানেল এস ও মোহামেডান এসসি।
প্রতি বছর যুক্তরাজ্যে কর্মরত বাংলা মিডিয়ার সাংবাদিকদের বৃহত্তম সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব এ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে থাকে।