কিশোর প্রেমের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের পাখুল্লা বাজারে কিশোর প্রেমের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনা ঘটে রবিবার (৫ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে এবং সোমবার (৬ অক্টোবর) সকালে সংঘর্ষের দ্বিতীয় দফা সংঘটিত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পাখুল্লা এলাকার পরিমল বালার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে উত্তম বালার ভাগ্নে সত্যজিতের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে তিন মাস আগে পরিমল বালা তার মেয়েকে ব্যবহার করে প্রেমিক সত্যজিৎ ও তার বন্ধু প্রত্যয়কে কৌশলে মাদারীপুর সদর উপজেলার জালালপুরে মেয়ের খালার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শারীরিকভাবে নির্যাতন করেন। এরপর থেকেই পরিমল বালা ও উত্তম বালার পরিবার, যারা একই গোষ্ঠীর সদস্য এবং আত্মীয় তাদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। সেই পূর্ববিরোধের জের ধরেই রোববার সন্ধ্যায় এবং সোমবার সকালে দু’পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে গুরুতর আহত জয়দেব, মিন্টু, বঙ্কিম, সজলসহ সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ খান বলেন, পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।