পটুয়াখালীর কুয়াকাটার উপকূল থেকে মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে আটকে পড়া পাঁচ জেলে নিখোঁজ হওয়ার আট দিন পর জীবিত ফিরে এসেছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তারা সবাই নিরাপদে নিজ বাড়িতে ফিরলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের বন্যা বয়ে যায়।
নিখোঁজ পাঁচ জেলে হলেন- মিলন বিশ্বাস, মিরাজ বিশ্বাস, রায়হান হাওলাদার, কাইয়ুম ও ইউনুস। তারা সবাই কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দা।
জেলে মিলন বিশ্বাস জানান, গত ২৮ সেপ্টেম্বর সকালে লাল রঙের একটি ফাইবার বোটে করে তারা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। দুপুরের দিকে হঠাৎ ঝড় শুরু হলে প্রবল ঢেউয়ের তোড়ে তাদের ট্রলার স্রোতে ভেসে সুন্দরবনের গভীরে চলে যায়। এ সময় ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়লে তারা সেখানেই আটকে পড়েন।
তিনি আরও জানান, ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে ইঞ্জিন মেরামত করে সাগর থেকে ফিরে আসি।
জেলেদের ফিরে আসার খবরে স্বজনদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। নিখোঁজ থাকার সময় পরিবার ও স্থানীয়রা ধারণা করছিলেন, ট্রলারটি হয়তো নিম্নচাপের কারণে ডুবে গেছে কিংবা ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভেসে আছে। স্থানীয়রা বিভিন্ন ট্রলারে করে তল্লাশিও চালান, কিন্তু কোনো খোঁজ মেলেনি।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. সগির বলেন, ট্রলারটিতে আমারও কিছু দাদনের টাকা ছিল। এতদিন তারা বেঁচে আছেন কিনা সে চিন্তায় ছিলাম। তারা ফিরে আসায় খুবই স্বস্তি লাগছে।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল জানান, নিখোঁজ জেলেদের পরিবারের পক্ষ থেকে মহিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরে জানা যায়, ঝড়ের তোড়ে তারা ভেসে গিয়ে সুন্দরবন এলাকায় আটকা পড়েন। বর্তমানে তারা সুস্থ ও নিরাপদে বাড়িতে আছেন।