বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, খেলার বদলে মাঠে চরে হাঁস, গোসল করাচ্ছেন গরু

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১০৬ নম্বর কাছারী তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি জুন মাসের শেষ সপ্তাহ থেকে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ হয়ে রয়েছে। এতে বিদ্যালয়ের মাঠে খেলা বন্ধ, বরং সেখানে হাঁস চরছে এবং গরু গোসল করাচ্ছেন স্থানীয়রা।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৩৩ শতক জমির ওপর অবস্থিত। বর্তমানে এখানে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৮৭ জন শিক্ষার্থী রয়েছে এবং ৬ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন, যার মধ্যে ৪ জন নারী শিক্ষক। ১৯৯৬ সালে একটি ভবন নির্মাণ করা হয়, যেখানে একটি অফিস কক্ষ ও তিনটি শ্রেণিকক্ষ রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানিয়েও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা শুরু থেকেই মাঠের পানি ওঠে এবং আগস্টের শুরুতে বিদ্যালয়ের ভবনের বারান্দাও পানির নিচে চলে যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান জানান, আগস্টে বিদ্যালয়ে আসার সময় হাঁটু পানি ছিল। এখন পানি কমলেও শিক্ষার্থীদের নিরাপদে স্কুল আসা-যাওয়া কঠিন। অনেক ছাত্র-ছাত্রীকে বাবা-মারা কোলে কেঁধে স্কুলে আনতে হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) সরোজমিনে বিদ্যালয়ের মাঠে দেখা যায়, জমে থাকা পানিতে হাঁস চরছে এবং গরু গোসল করাচ্ছেন স্থানীয় এক বৃদ্ধ। বিদ্যালয়ের গেট তালাবদ্ধ রেখে শিক্ষকরা ক্লাস পরিচালনা করছেন।

বিদ্যালয়ের পাশে অবস্থিত ছাত্তার স্টোরের মালিক রায়হান মাহমুদ বলেন, মাঠটি ভরাট হলে শিক্ষার্থীরা নিরাপদে খেলাধুলা করতে পারবে। আশেপাশের অন্যান্য স্কুলের উন্নতি হয়েছে, কিন্তু এ বিদ্যালয়ের অবস্থা খুবই খারাপ।

হরিণাকুণ্ডু উপজেলা শিক্ষা অফিসার এস. এম. আব্দুর রহমানের সাথে যোগাযোগ করা গেলেও তিনি ফোন ধরেননি। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান, বিদ্যালয়ের সামনে একটি ডোবা থাকার কারণে জলাবদ্ধতা হচ্ছে। উপজেলা প্রশাসনের মাধ্যমে এর স্থায়ী সমাধানের চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান বলেন, এটি সাময়িক জলাবদ্ধতা নয়, স্কুলের সামনে বড় একটি গর্ত রয়েছে যা ভরাট করতে আলাদা বরাদ্দ প্রয়োজন। বরাদ্দ পেলে আমরা দ্রুত ব্যবস্থা নেবো। স্থানীয় চেয়ারম্যানকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।