মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকুলী পূর্বপাড়া এলাকার ধলেশ্বরী নদীতে বেড়ানোর সময় নৌকা থেকে পড়ে আলামীন হোসেন (৬) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রবিবার (২৮ জুলাই) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আলামীন ঢাকুলী পূর্বপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে দাদার সাথে বেড়াতে যায় শিশু আলামীন। বেড়ানোর এক ফাঁকে ডিঙ্গি নৌকা থেকে নদীতে পড়ে যায় সে। এ ঘটনার পর স্থানীয়রা আলামীনকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মানিকগঞ্জ ফায়ার স্টেশন অফিসের ডিউটি অফিসার সানি চৌধুরী (ফায়ারম্যান) জানান, ধলেশ্বরী নদীতে শিশু নিখোঁজের খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টিম পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি