পাবনায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা শহরের একটি আবাসিক হোটেল থেকে স্বাধীন সরকার (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ অক্টোবর) সকালে শহরের হামিদ রোডের হোটেল রয়েল প্যালেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত স্বাধীন সিরাজগঞ্জ সদর উপজেলার কাজিপুর গন্দাইল গ্রামের বাসিন্দা গাজী শাহজাহানের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীন সরকার মঙ্গলবার দুপুরে হোটেল রয়েল প্যালেসে একটি রুম ভাড়া নেন এবং সেখানেই রাত কাটান। বুধবার সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করেন, কিন্তু কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

জানা গেছে, মঙ্গলবার স্বাধীন সরকার পাবনায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে দুপুরে বের হয়ে হোটেলে ওঠেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কোনো সমস্যার জেরে এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।