জেন্ডার রেসপনসিভ বাজেটিং বিষয়ক আলোচনা সভা

ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (CCDB) তাদের “উইমেন এমপাওয়ারমেন্ট অ্যান্ড অ্যাকটিভ সিটিজেনশিপ (ENGAGE)” প্রকল্পের আওতায় রাজধানীর গুলশান লেকশোর হাইটসে “জেন্ডার রেসপনসিভ বাজেটিং (GRB)” বিষয়ক  আলোচনা সভার আয়োজন করে। 

ইভেন্টটির মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে বাজেট প্রণয়ন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক করতে নাগরিক সমাজ ও স্থানীয় সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করা।

CCDB-এর নির্বাহী পরিচালক জুলিয়েট কেয়া মালাকার সংস্থার কার্যক্রমের ধারা তুলে ধরে বলেন, সংস্থাটি দুর্যোগ মোকাবেলা থেকে শুরু করে বর্তমানে দারিদ্র্য হ্রাস, জলবায়ু অভিযোজন ও নারী ক্ষমতায়নের মতো দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ করছে। 
তিনি বলেন  কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি করে জনগণকে উন্নয়নের অংশীদার করাই সিসিডিবির লক্ষ্য।

CCDB–ENGAGE প্রকল্পের  ব্যবস্থাপক,সাবিহা সুলতানা, প্রকল্পটির বহুদেশীয় কার্যক্রম ও GRB-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি  শ্যামনগর ও পাথরঘাটা উপজিলার  ১৬টি নারীদলের  সক্রিয়ভাবে স্থানীয় শাসন ও বাজেট প্রক্রিয়ায় অংশ গ্রহণের প্রচেষ্টাকে তুলে ধরেন। 

নুবায়রা জাহিন, প্রোগ্রাম অ্যানালিস্ট–জেন্ডার স্ট্যাটিসটিকস, UN Women, GRB-এর মূলনীতি, বাজেট প্রণয়নের ধাপ ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে GRB -এ  সিভিল সোসাইটির  সীমিত পর্যায়ের সম্পৃক্ততা ও জলবায়ু অর্থায়ন ঘাটতির কথাও উল্লেখ করেন।

তৃণমূল নারী নেত্রী রুবি আফরোজ (পাথরঘাটা) ও অপর্ণা  মল্লিক  (শ্যামনগর) বলেন, ENGAGE প্রকল্প কিভাবে তাদের বাজেট প্রক্রিয়ায় অংশগ্রহণ ও নারীর কণ্ঠস্বর শক্তিশালী করতে ভূমিকা রাখছে। স্থানীয় সরকার প্রতিনিধিরা নারীর অংশগ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণে সীমাবদ্ধতার চ্যালেঞ্জ তুলে ধরেন। 

অংশগ্রহণকারীরা GRB বাস্তবায়নে স্থানীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, সিভিল সোসাইটির মধ্যে সমন্বয় জোরদার করে সকলের  জন্য অভিন্ন প্ল্যাটফর্ম গঠন, মিডিয়া দৃশ্যমানতা বৃদ্ধি এবং নীতি পর্যায়ে ফলাফল উপস্থাপনার ওপর জোর দেন। এছাড়াও একটি জাতীয় GRB প্ল্যাটফর্ম গঠন ও কার্যকর বাস্তবায়নের সুপারিশ করা হয়।

ইভেন্টটি সমাপ্ত হয় CCDB-এর নির্বাহী পরিচালকের সমাপনী বক্তব্যের মাধ্যমে, যেখানে তিনি রিপোর্ট শেয়ারিং, নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং অংশগ্রহণমূলক পরামর্শের মাধ্যমে দায়িত্বশীলদের সচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারের সঙ্গে যৌথ কার্যপরিকল্পনা তৈরির পথনির্দেশনা ও আশাবাদ ব্যক্ত করেন।