‘আল-আকসা মসজিদের মালিক এখন ইসরায়েল’

গাজা যুদ্ধের অবসানের বিষয়ে যখন মিশরে ইসরায়েল এবং হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, ঠিক সেই সময়ে ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির আল-আকসা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। 

বুধবার (৮ অক্টোবর) মসজিদ প্রাঙ্গণে দাঁড়িয়েই গভির যুদ্ধ জয়ের দাবি করে বলেন, 'আল-আকসার মালিক এখন ইসরায়েল।' তার এই মন্তব্যের জেরে পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসায় এটি ছিল বেন গভিরের একাদশ সফর। 

সৌদি আরব, জর্ডানসহ একাধিক দেশ গভিরের এই দাবির তীব্র নিন্দা করেছে। ফিলিস্তিনি ও আরব নেতারা তার এই সফরকে নতুন করে উসকানি ও দখলদার নীতির অংশ হিসেবে দেখছেন।

সৌদি আরব এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, 'আল-আকসা চত্বরে দখলদার বাহিনীর নিরাপত্তায় ইসরেলি কর্মকর্তা ও অবৈধ বসতিস্থাপনকারীদের তাণ্ডবের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব।' 

বেন-গভিরের এই আগ্রাসী মন্তব্য এমন এক সময় ঘটল, যখন মুসলিম বিশ্ব বারবার আল-আকসার পবিত্রতা রক্ষায় আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়ে আসছে। 

ফিলিস্তিনি ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কের অংশ পূর্ব জেরুজালেম আদতে ইসরায়েল অধিকৃত অঞ্চল। সেখানেই রয়েছে সারা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র আল-আকসা মসজিদ, আবার সেই চত্বরেই রয়েছে ইহুদিদের ধর্মস্থান টেম্পল মাউন্ট। 'স্পর্শকাতর' এই এলাকা ঘিরে অতীতেও একাধিক বার সংঘাতে জড়িয়েছে ইসরায়েল এবং প্যালেস্টাইন।

এই পরিস্থিতিতে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রীর আল-আকসা চত্বরে দাঁড়িয়ে গাজায় চূড়ান্ত বিজয়ের ঘোষণা দেওয়ার নিন্দা জানিয়েছে হামাসও। হামাস এটিকে ‘ইচ্ছাকৃত উসকানি’ বলে অভিহিত করেছে এবং বেন গভিরের বিরুদ্ধে আল-আকসার পবিত্রতা এবং বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিতে আঘাত করার অভিযোগ তুলেছে।