পটুয়াখালী লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গিয়ে হামলা শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে।
বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজার এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পালপাড়া বাজারের ইজারা নিয়ে স্থানীয় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার রাতে সেই বিরোধের জেরে সোহাগ মাঝি ও তার সহযোগীরা প্রতিপক্ষ মফিজুলকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকে লক্ষ্য করে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ৪ পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হন। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে এএসআই জহির ও রহমান, কনস্টেবল মহিবুল্লাহ ও সাইফুল ইসলামকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কনস্টেবল রানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে এই ঘটনায় বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০) নামের তিনজনকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, বাজার ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।