কাপ্তাই হ্রদে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ৪

রাঙ্গামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে বজ্রপাতে মো. সুমন (৩৫) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার জেলে আহতের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকুটিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বরকল উপজেলার সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুমনের বাড়ি সিলেট জেলায়। আহতরা হলেন, কুমিল্লা জেলা সদরের বাসিন্দা মো. আয়াতুল( ৩০),  খুলনার দিঘুলিয়া থানার বাসিন্দা মৃত এনামুল মোল্লার ছেলে মো. মামুন (২৭),  নোয়াখালী জেলার বাসিন্দা  মো. সুমন (৩৭) এবং রাজশাহী জেলার বাসিন্দা মো. রাজু (৪০)।

স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রাঙ্গামাটিতে তীব্র বৃষ্টি এবং বজ্রপাত হয়। এ সময়  ২ নম্বর বরকল ইউনিয়নের কুরকটি ছড়ি নামক স্থানের কাপ্তাই হ্রদে মো. মোতালেব সওদাগরের নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরছিলেন ছয় জেলে। হঠাৎ প্রবল বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে  নৌকায় থাকা অবস্থায় মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মো সুমনের মৃত্যু হয় এবং অন্যরা আহত হন।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. জসীম উদ্দীন চৌধুরী বলেন, আমরা বিষয়টি খবর নিচ্ছি।