বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববি (৫৬)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১টার দিকে ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
গ্রেপ্তার হওয়া আবু ওবায়দুল হাসান ববি বগুড়ার জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৯ সালে বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান ববি। পরে ২০২১ সালের পৌরসভা নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। গত বছরের ৫ আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার অভিযোগে আবু ওবায়দুল হাসান ববির বিরুদ্ধে অন্তত এক ডজন মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।