লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হয়েছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলছে দলগুলো। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এশিয়ান সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার জালে গোল উৎসব করেছে।
শুক্রবার (১০ অক্টোবর) সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে হারিয়েছে সেলেসাওরা। দুটি করে গোল করেছেন এস্তেভোঁ ও রদ্রিগো। এছাড়া একটি গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।
ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। ব্রুনো গুইমারেসের রক্ষণছেড়া পাস থেকে বল জালে জড়ান এস্তেভাও। বিরতির আগেই ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। ম্যাচের ৪০ মিনিটে ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত শটে বল জালে জড়ান এই রিয়াল মাদ্রিদ তারকা।
বিরতি থেকে ফিরে আরও আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ৪৭ মিনিটে এস্তেভাও ও ৪৯ মিনিটে রদ্রিগো আবারও স্কোর শিটে নাম লেখান।
এরপর ম্যাচের ৭৭ মিনিটে দক্ষিণ কোরিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন ভিনিসিয়ুস। কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে বল টেনে নিয়ে একক প্রচেষ্টায় গোল করেন তিনি।