মর্যাদাপূর্ণ এমা অ্যাওয়ার্ডে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’

যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ডের স্বল্পদৈর্ঘ্য বিভাগে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বাংলাদেশের চলচ্চিত্র। এবারের ৩৫তম আসরে প্রদর্শিত হবে গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’।

বাংলাদেশ সময় রোববার (১২ অক্টোবর) সকালে সিনেমাটি প্রদর্শিত হওয়ার কথা রয়েছে।

প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, এই মনোনয়ন পাওয়ার মাধ্যমে ‘নিশি’ এখন বিশ্বের সেরা তিনটি স্টুডেন্ট ফিল্মের একটি হিসেবে বিবেচিত হচ্ছে, যা বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য একটি বড় অর্জন।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স ও ইউনেসকো ঢাকার সহযোগিতায় নির্মিত হয়েছে ‘নিশি’। গল্পে দেখা যায়, এক চা-শ্রমিকের কন্যাসন্তানের পড়ালেখা বন্ধ হয়ে যায় পানির সংকটের কারণে। বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে নাবালিকা নিশিকে বিয়ে করতে চায় কাঠ ব্যবসায়ী লালচাঁন।

সিনেমাটির চূড়ান্ত সম্পাদনা, কালার ও সাউন্ডের কাজ হয়েছে পোল্যান্ডের বিখ্যাত লড ফিল্ম স্কুলে। চিত্রগ্রহণে ছিলেন ওই প্রতিষ্ঠানের প্রাক্তনী নাতালিয়া পুসনিক। সিলেটের একটি চা-বাগান ও আশপাশের এলাকায় হয়েছে শুটিং, যেখানে অভিনয় করেছেন চা-বাগানের শ্রমিকরা।

নির্মাতা গোলাম রাব্বানী জানিয়েছেন, ‘নিশি’ বর্তমানে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের জন্য পাঠানো হচ্ছে। খুব শিগগিরই বাংলাদেশেও সিনেমাটির প্রদর্শনীর ব্যবস্থা করা হবে।

এর আগে গোলাম রাব্বানীর পরিচালিত ‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে।