তারুণ্যের পছন্দ ক্যাজুয়াল শার্ট

 

ঈদের সকালে পাঞ্জাবি সবাই পরে। কিন্তু দুপুর কিংবা বিকেলে? নিশ্চয়ই আরামদায়ক ক্যাজুয়ালের কথাই ভাবেন সবাই। সেক্ষেত্রে প্রথমে আসে শার্টের কথা। ছেলেদের ঈদের কেনাকাটায় তাই পাঞ্জাবির সঙ্গে ফ্যাশনেবল ও আরামদায়ক একটি শার্টও চাই। বর্তমানে তরুণদের কাছে ক্যাজুয়াল ফ্যাশন বেশ জনপ্রিয়। বাংলাদেশের আবহাওয়ার জন্যও খুবই প্রযোজ্য ও মানানসই। ছেলেদের জন্য গরমের মোক্ষম পোশাক ক্যাজুয়াল শার্ট। ক্যাজুয়াল ফ্যাশন ঘরের বাইরে হতে কর্পোরেট হাউস পর্যন্ত পৌঁছে গেছে। ঈদ ফ্যাশন কেমন হবে, তা অনেকটা নির্ভর করে ঋতু আর ট্রেন্ডের ওপর। এই সময়ে তারুণ্যের পছন্দের ক্যাজুয়াল শার্ট নিয়ে লিখেছেন মাহমুদুল আমিন

 

এবারের ঈদ হবে বর্ষার শুরুতে। এমন আবহাওয়ার কারণে উত্সবে এখন গুরুত্ব পাচ্ছে ক্যাজুয়াল শার্ট। এই সময় ক্যাজুয়াল শার্টে মিলবে যেমন স্বস্তি, তেমনি উত্সবেও দেবে ফ্যাশনেবল লুক। এবারের ঈদ আয়োজনে ক্যাজুয়াল শার্ট নিয়ে কথা হয় ফ্যাশন হাউস প্লাস পয়েন্টের স্বত্বাধিকারী ও প্রধান ডিজাইনার বিপুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘সময়টা এখন ক্যাজুয়ালের। অনেকেই এই ভ্যাপসা গরমে ফরমাল পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। শার্টের রং আর নকশায় এ বছর বেশ ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে।’ তিনি আরো বলেন, ‘ছেলেদের শার্টে বেশ কিছু পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলো বড় কিছু না, খুব সূক্ষ্ম। যদিও শার্টের লুক বদলে দিতে এই পরিবর্তনগুলো বেশ গুরুত্ব পাচ্ছে। শুধু যে ক্যাজুয়াল শার্টেই নতুনত্ব এসেছে তা কিন্তু নয়, নকশায় পরিবর্তন এসেছে আমাদের অন্যান্য পোশাকেও। যেমন আমাদের পাঞ্জাবি, ফতুয়া, কাতুয়াগুলোতে।’ এতদিন শার্টের কলার, হাতা সবকিছুতে একই কাপড় ব্যবহার হলেও বর্তমানে এই ট্রেন্ডে কিছুটা পরিবর্তন এসেছে। এখন কলারের ভেতরে অন্য রঙের কাপড় দিয়ে ক্যাজুয়াল শার্টগুলোয় ফ্যাশনেবল লুক আনা হচ্ছে। হাতার কাফেও একই নকশা ব্যবহূত হচ্ছে। প্রিন্টেড শার্টে ছাপা নকশার কোনো একটা রং বেছে নিয়ে দেওয়া হচ্ছে গলা কিংবা হাতায়। দুই রং বা দুই রকমের নকশা করা কাপড় জুড়ে দেওয়া হচ্ছে শার্টে। ফ্যাশনের হাওয়া বদলে এখন শার্টেও টিকিং ব্যবহূত হচ্ছে বলে জানান তিনি। তিনি বলেন, ‘শার্টের এই পরিবর্তন হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে। ক্যাজুয়াল শার্টের মধ্যে চেক প্রিন্টের জায়গা সবর্দাই থাকে। তবে ফ্যাশন পরিবর্তনের তাগিদে এখন প্রচলিত অন্যান্য প্রিন্টের শার্টও তৈরি করা হচ্ছে। ঈদ ও গরম দুইয়ের কথা মাথায় রেখে নরম সুতির কাপড় ব্যবহার করেছি। ক্যাজুয়াল শার্টের মধ্যে প্রিন্ট বিশেষ করে ফুলেল প্রিন্ট এখন অনেকেই পছন্দ করছে। তবে বিশেষভাবে আমরা কুল ডায়িং ব্যবহার করেছি। রঙের ক্ষেত্রে আমরা প্রাধান্য দিচ্ছি হালকা রঙের। ক্যাজুয়াল শার্টে সাদা, অফ হোয়াইট, মেরুন, আকাশি, কালো ও হালকা রংগুলো এখন ফ্যাশনেবল। ঈদের শার্টে নরম সুতি কাপড় প্রাধান্য পাচ্ছে। ক্যাজুয়ালে ফুল হাতা শার্ট, হাফ হাতা শার্ট দুটোই সমানতালে চলছে। আমরা রেগুলার ও ফিটেড দুটি স্টাইলই ব্যবহার করছি।’ এই ঈদকে সামনে রেখে প্লাস পয়েন্ট নিয়ে এসেছে এক্সক্লুসিভ সব কালেকশন। ক্রেতাদের চাহিদা, রুচি ও আরামের বিষয় মাথায় রেখে তারা সাজিয়েছেন প্রতিটি আউটলেট নান্দনিক ডিজাইনের পোশাকে। এসব পোশাকের মধ্যে নানারকম ক্যাজুয়াল শার্ট ছাড়াও রয়েছে গোল গলা টি-শার্ট, ভি গলা টি-শার্ট, পোলো টি-শার্ট, ফরমাল শার্ট, শর্ট ও লং পাঞ্জাবি, থ্রি কোয়ার্টার প্যান্ট ও প্যান্ট ইত্যাদি।

 

 

মডেল          আদর

পোশাক        প্লাস পয়েন্ট 

ছবি             কামরুজ্জামান জুয়েল