নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার পরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব এই বৈঠকে উপস্থিত রয়েছেন।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতিসহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার প্রেক্ষিতে নানা সুপারিশ ইসির সঙ্গে জামায়াতের বৈঠকে উঠে আসবে।
বৈঠক প্রসঙ্গে জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, সামনে নির্বাচন রয়েছে। সার্বিক প্রস্তুতির বিষয় এই বৈঠকে আলোচনা হবে। বৈঠক শেষে ব্রিফিং করা হবে।
আগামী বছর রোজার আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে। বৈঠকে সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট করার প্রস্তাবনা যেমন আছে, তেমনি জাতীয় নির্বাচনের আগে গণভোট করার প্রস্তাবও রয়েছে। তবে গণভোট কবে হবে, তা সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
চলতি মাসে নির্বাচন কমিশনের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোরও আলোচনার কথা রয়েছে।