ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীর ও গাজায় পৌঁছেছে কয়েকটি বাস

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রধম ধাপে ইসরায়েলি বন্দিদের মুক্তির সঙ্গে সঙ্গে শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

সোমবার (১৩ অক্টোবর) লাইভ প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েল থেকে মুক্তিপ্রাপ্ত কিছু ফিলিস্তিনি বন্দীকে বহনকারী বাসগুলো ইতোমধ্যে পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে।

তারা বাসের ভেতর থেকে হাসিমুখে বিজয়ের চিহ্ন তৈরি করছে। যানবাহনগুলো ঘিরে রয়েছে অসংখ্য মানুষ। অনেকেই তাদের ফোনে দৃশ্য ধারণ করছে, আর অন্যরা ফিলিস্তিনি পতাকা নাড়ছে।

এর আগে, মুক্তিপ্রাপ্ত বন্দীদের বহনকারী কয়েকটি বাস দক্ষিণ ইসরায়েলের নেগেভ কারাগার থেকে গাজার দিকে চলে যায়। ইতোমধ্যে কয়েকটি বাস যুদ্ধবিধস্ত অঞ্চলটিতে পৌঁছেছে।

প্রসঙ্গত, আজ স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি বন্দিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, ইতোমধ্যে জীবিত সব বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।