৫০০ মিটার কাঁচা রাস্তার দুর্ভোগে ১০ গ্রামের মানুষ

মাত্র ৫০০ মিটার কাঁচা রাস্তার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অন্তত ১০টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই অলিপুর–সড়াতৈল সড়কের এই অংশে জমে থাকে কাদা ও পানি, যা চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে।

উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই সড়কটি হাটিকুমরুলে উত্তরবঙ্গ মহাসড়কের সঙ্গে সংযুক্ত। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় এক বছর আগে রাস্তার প্রায় দেড় কিলোমিটার অংশ পাকা করলেও সড়াতৈল মাদ্রাসা মোড় থেকে তালুকদার বাড়ি সেতু পর্যন্ত প্রায় ৫০০ মিটার এখনও কাঁচা রয়ে গেছে।

এই অংশে বর্ষায় হাঁটু সমান কাদা জমে যায়। এতে করে ছোট যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে পার হওয়াটাও দুঃসাধ্য হয়ে পড়ে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী, শিশু, শিক্ষার্থী এবং রোগীবাহী পরিবহন।

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, এই রাস্তা দিয়ে বড়হর ইউনিয়নের বাগদা, চরবাগদা, রশিদপুর, অলিপুর, বোয়ালিয়া, বড়হর, পাগলা বোয়ালিয়া ও গুয়াগাঁতি গ্রামের মানুষ প্রতিদিন যাতায়াত করে। শিক্ষার্থীরা এই রাস্তায় কাদা-মাটিতে পড়ে স্কুল ড্রেস নষ্ট করে ফেলে। অনেকে স্কুলে আসতেই পারে না।

স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন টানা বৃষ্টি হলে রাস্তার ওই কাঁচা অংশ হাঁটু পানি ও কাদায় ভরে যায়। তখন বিকল্প পথ ছাড়া আর কোনো উপায় থাকে না, যা সময়সাপেক্ষ ও কষ্টদায়ক।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, অলিপুর–সড়াতৈল সড়কটি বড়হর ইউনিয়নের প্রায় ১০ গ্রামের মানুষের একমাত্র যাতায়াতের পথ। ২ কিলোমিটার সড়কের দেড় কিলোমিটার ইতোমধ্যে পাকা করা হয়েছে। বাকি ৫০০ মিটার কাঁচা অংশ পাকা করার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।

তবে কবে নাগাদ বরাদ্দ পাওয়া যাবে এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কোনো সময়সীমা দিতে পারেননি।