রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাই নিষিদ্ধ

রংপুরে অ্যানথ্রাক্স সংক্রমণ রোধে ছাড়পত্র ছাড়া গবাদি পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে গঙ্গাচড়া উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলার বিভিন্ন স্থানে গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটি পশু থেকে মানুষের দেহে সংক্রমিত হতে পারে এমন শঙ্কায়, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গঙ্গাচড়া উপজেলায় মাংস ব্যবসায়ীদের জন্য একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বা ভেটেরিনারি হাসপাতালের ছাড়পত্র ব্যতীত কোনো পশু জবাই করা যাবে না।

ইউএনও মাহমুদ হাসান মৃধা আরও বলেন, ছাড়পত্র ছাড়া পশু জবাই করলে প্রমাণসাপেক্ষে সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, রংপুর জেলার পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় অ্যানথ্রাক্সের উপসর্গ রয়েছে এমন ৫৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রংপুরে যে অ্যানথ্রাক্স ছড়িয়েছে তা ‘কিউটেনিয়াস অ্যানথ্রাক্স’, যা ত্বকে সংক্রমণ ঘটায়। এটি মানুষ থেকে মানুষে ছড়ায় না, ফলে এটি অত্যন্ত সংক্রামক না হলেও সতর্কতা অবলম্বন জরুরি।