বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন দেশের সচল ৯টি চিনিকলে ২০২৫-২৬ আখ মাড়াই মৌসুমের আখ মাড়াই শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৭ নভেম্বর নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশে চলতি মৌসুমের চিনি উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে বিএসএফআইসি।
বুধবার (১৫ অক্টোবর) বিএসএফআইসি সচিব মোহাম্মদ মুজিবুর রহমান স্বাক্ষরিত চিঠিতে উল্লেখিত ৯টি চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকগণকে ২০২৫-২০২৬ আখমাড়াই মৌসুমের কার্যক্রম চালুর প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ৬ অক্টোবর তারিখে অনুষ্ঠিত কর্পোরেশনের ২৫৫৫ তম বোর্ড সভায় ২০২৫-২৬ মৌসুমে চালু থাকা ৯টি চিনিকলে আখ মাড়াই কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণে সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএসএফআইসি কর্তৃপক্ষ জানায়, ২৫৫৫ তম বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ৭ নভেম্বর লালপুরের নর্থ বেঙ্গল সুগার মিল, ২১ নভেম্বর নাটোর চিনিকল, ২৮ নভেম্বর রাজশাহী চিনিকল ও জামালপুরের জিল বাংলা চিনিকল, ৫ ডিসেম্বর চুয়াডাঙ্গার কেরু এন্ড কোং (বিডি) লি. ও ফরিদপুর চিনিকল, ১২ ডিসেম্বর ঠাকুরগাঁও চিনিকল ও ঝিনাইদহের মোবরকগঞ্জ চিনিকল এবং ২৬ ডিসেম্বর জয়পুরহাট চিনিকলে ২০২৫- ২৬ আখমাড়াই মৌসুমের চিনি উৎপাদন শুরু হবে।