সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানা গেছে। দেশটির অ্যাস্ট্রোনোমিক্যাল সোসাইটির প্রেসিডেন্ট ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাবে ১৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার। তবে ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পরই চাঁদ অস্ত যাওয়ায় সে সন্ধ্যায় খালি চোখে চাঁদ দেখা সম্ভব নয় বলে ধারণা করা হচ্ছে।
এ কারণে ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, রমজানের প্রথম দিন শুরু হবে বলে ধরে নেওয়া হচ্ছে। সেই হিসাব অনুযায়ী, আল-জারওয়ান আরও বলেন, শুক্রবার ২০ মার্চ হবে শাওয়াল মাসের প্রথম দিন তথা ঈদুল ফিতর।
জ্যোতির্বিজ্ঞানীদের এই সম্ভাব্য হিসাব অনুসারে, বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে ২১ মার্চ, শনিবার। তবে রমজান শুরুর চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি, যারা ১৮ ফেব্রুয়ারি চাঁদ দেখার চেষ্টা করবে। ইসলামিক মাসগুলো হিজরি চন্দ্রপঞ্জিকা অনুযায়ী নির্ধারিত হয়। ২০২৬ সালের রমজানে রোজার সময়সীমা অঞ্চলভেদে ভিন্ন হবে।
রমজানের শুরুর দিকে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ অনেক আরব দেশে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা হবে, যা মাসের শেষ দিকে ধীরে ধীরে ১৩ ঘণ্টার কাছাকাছি পৌঁছাবে।
সূত্র: আল-আরাবিয়া