রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল অডিটোরিয়ামে এই ফলাফল প্রকাশ করা হয়।
ফলাফল ঘোষণার সময় কেন্দ্রীয় ছাত্র সংসদের মহিলা বিষয়ক সম্পাদক পদে জয়ী সৈয়দা হাফছার নাম ঘোষণা করা হলে অডিটোরিয়াম ‘হিজাব হিজাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সৈয়দা হাফছা ইসলামী ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী প্যানেলের মহিলা বিষয়ক সম্পাদক পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ১২ হাজার ৬৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি ১১ হাজার ৪৯৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট। উভয়ই সাবেক সমন্বয়ক।
এদিকে হল সংসদ নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে শিবির সমর্থিত প্যানেল জয় লাভ করেছে। ১৭টি হলে শীর্ষ তিনটি পদে ছাত্রদল কোনো পদে জয় পায়নি।