খুলনায় বাড়ির ভেতরে ঢুকে সোহেল (২৮) নামে এক যুবকের কপালে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে নগরীর ২ নম্বর কাস্টমস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ সোহেল বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া গ্রামের স্বপন শিকদারের ছেলে। তিনি খুলনায় স্ত্রী টুম্পা বেগম ও শিশু সন্তান তাসকিনকে নিয়ে মনিরুল ইসলামের বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনার সময় সোহেল তার পরিবারের সঙ্গে ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত এসে হঠাৎ বাড়িতে প্রবেশ করে। তারা সোজা ঘরের ভেতর ঢুকে সোহেলের কপালের ওপর গুলি করে দ্রুত পালিয়ে যায়।
প্রতিবেশীরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এর আগে গত ৩ আগস্ট একই স্থানে সোহেলকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল দুর্বৃত্তরা। সেসময়ও তিনি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, সোহেলের কপালে, চোখের ওপর গুলি লেগেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা ও মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে হত্যার উদ্দেশে গুলি করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি নারী ও শিশু নির্যাতন মামলা ও একটি মাদক মামলাসহ তিনটি মামলা রয়েছে। সে জামিনে ছিল।