ময়মনসিংহের ফুলবাড়িয়ায় এক ব্যতিক্রমী ঢেঁড়স গাছ চমক সৃষ্টি করেছে স্থানীয়দের মাঝে। সাধারণত ঢেঁড়স গাছের উচ্চতা হয় ৪ থেকে ৫ ফুট। কিন্তু এ গাছটির উচ্চতা প্রায় ১৫ ফুট, যা অবিশ্বাস্য হলেও সত্য। গাছটি দেখতে ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষ।
স্থানীয়রা জানান, গাছটিতে প্রতি ক্লাস্টারে অনেকগুলো ঢেঁড়স ধরে এবং তা খেতেও অন্য ঢেঁড়সের মতোই সুস্বাদু। স্বাদ বা গঠনে বিশেষ ভিন্নতা না থাকলেও, উচ্চতা, পাতা ও বৃদ্ধির ধরনে এটি সাধারণ ঢেঁড়সের চেয়ে আলাদা। এমনকি একবার ফলন দিয়ে সাধারণ ঢেঁড়সগাছ মারা গেলেও, এই গাছ বহুবার ফলন দিচ্ছে। বিষয়টি চমকে দিয়েছে স্থানীয় কৃষি বিভাগকেও।
অসাধারণ এই ঢেঁড়স গাছটি রয়েছে ফুলবাড়ীয়া উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতিলেইট বিলপাড় গ্রামে কৃষক আনোয়ার হোসেন আকন্দের বাড়িতে। তার বাড়ির উঠানে লাগানো গাছটি এখন এলাকার অন্যতম কৌতূহলের বিষয়। আশপাশের বহু মানুষ প্রতিদিন গাছটি দেখতে আসছেন।
আনোয়ার হোসেন জানান, দুই বছর আগে পাশের বাড়ি থেকে একটি ঢেঁড়স এনে আমার স্ত্রী চারা তৈরি করে উঠানে রোপণ করেন। প্রথমবার গাছে ঢেঁড়স ধরেছিল বেশ কিছু। একসাথে অনেকগুলো ফল ধরত, অনেকটা আঙ্গুর থোকার মতো। ঢেঁড়সগুলো আকারে ছোট হলেও খেতে স্বাভাবিক।
তিনি আরও জানান, গতবার গাছটি থেকে ৪-৫ কেজি ঢেঁড়স পাওয়া গেছে। এবার আবার গাছটির পূর্ব পাশে আবর্জনার স্তূপে আরও দুটি চারা গজিয়েছে। পাঁচ মাস বয়সী চারাগুলোর উচ্চতাও এখন প্রায় ৫ ফুট।
স্থানীয়রা জানান, এরকম জাতের গাছ আগে কখনো দেখেননি। তারা এটিকে ‘বন ঢেঁড়স’ নামে ডাকেন। কারণ, এটি জঙ্গলে জন্ম নেওয়া গাছের মতো দ্রুত বাড়ে এবং রোগ-বালাই প্রায় হয় না।
ফুলবাড়ীয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নূর মোহাম্মদ জানানা, খবর পেয়ে আমরা ঢেঁড়স গাছটি দেখে এসেছি। অন্য জাতের ঢেঁড়সের চেয়ে গাছটি বেশ উঁচু। সাধারণত ঢেঁড়স গাছ একবার ফলন দিয়ে মরে যায়। দ্বিতীয় বার আর ফলন দেয় না। কিন্তু এই ঢেঁড়স গাছটিতে অনেক ভিন্নতা লক্ষ্য করেছি আমরা। এর পাতাগুলো বেশ বড় ও খসখসে। নতুন ডাল বের হয়। গাছটি নিয়ে আরও জানতে আমরা হর্টিকাচারদের সাথে কথা বলেছি। তারা গাছটি পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।