শোবার ঘরে ঝুলছিল এনজিওকর্মীর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিল্লাল হোসেন (৩২) নামে এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাটে এনজিওটির শাখা অফিসের দ্বিতীয় তলায় আবাসিক কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বিল্লাল হোসেন পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার কামাদপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা “এসকেএস ফাউন্ডেশন” এর ক্ষুদ্র ঋণ বিভাগে ধাপেরহাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

ওই শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান জানান, বিল্লাল হোসেনের সাথে তার স্ত্রীর কিছুদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ধারনা করা হচ্ছে এ কারণে অভিমান করে শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় মাফলার পেচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক স্বপন কুমার সরকার জানান, বৃহস্পতিবার রাতে বিল্লাল হোসেন খাবার শেষে নিজ শোবার ঘরে ঘুমিয়ে পরেন। শুক্রবার সকালে ডাইনিং এ নাস্তা খেতে না এলে পাশের রুমের সহকর্মী স্বপন মিয়া তাকে অনেক ডাকাডাকি করেন। কিন্তু কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান্তে পুলিশ তদন্ত শুরু করেছে।