রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা আগুন ৪ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন নেভাতে গিয়ে আনসারের ১৭ জন সদস্য আহত হয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. আশিকুজ্জামান বলেন, ‘এখন পর্যন্ত ঘটনাস্থলে আমাদের এক হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ১৭ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে।’
বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এর আগে, আজ দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেট এলাকায় পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্সের পাশেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক সুত্রে যানা গেছে। এক পর্যায়ে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।
সবশেষ তথ্যানুযায়ী, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এছাড়াও সিভিল অ্যাভিয়েশন, বিমানবাহিনী ও নৌবাহিনীর ইউনিটগুলোও আগুন নেভানোর চেষ্টায় যোগ দিয়েছে। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন বাহিনী কাজ করলেও আপাতত কোনো বিমান ক্ষতিগ্রস্থের খবর পাওয়া যায়নি। যদিও এরই মধ্যে ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে অবতরণ করেছে।