সহপাঠীকে ধর্ষণ, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিইউপির শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। এদিকে শনিবার (১৮ অক্টোবর) এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে তার সহপাঠীরা বিক্ষোভ করেছেন। 

জানা যায়, আজ বিকেলে প্রথমে মিরপুর-১২ নম্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করেন।

এর আগে, গত বুধবার রাজধানীর অদূরে সাভারের বিরুলিয়াতে ওই শিক্ষার্থী ধর্ষণের শিকার হন। বিইউপির শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অপরাধী গ্রেপ্তার হয়নি। অপরাধীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন তারা।

বিইউপির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান শিহাব বলেন, ‘আমাদের বোন তিন দিন আগে ধর্ষণের শিকার হয়েছেন। এখনো কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। আমাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।’

সড়ক ছেড়ে দেওয়ার আগে শিক্ষার্থীরা জানান, আগামীকাল রোববার (১৯ অক্টোবর) বেলা দুইটায় মিরপুর-১২ তে আবারও বিক্ষোভ করবেন তারা।

এদিকে ধর্ষণের ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। মামলার তথ্য অনুযায়ী, টিউশন শেষে বাড়ি ফেরার পথে কমলাপুর এলাকায় তিনজন তাকে তুলে নিয়ে নির্জন এলাকায় নিয়ে যায়। পরে তাকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

অভিযুক্তরা হলেন- স্থানীয় সোহেল রোজারিও (৩৭), তিলক রোজারিও (৪০) এবং মিঠু বিশ্বাস (৩৫)। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসা এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিরুলিয়া ইউনিয়নের বেগুনবাড়ি স্কুলের বিপরীত পাশে এক ছাত্রকে প্রাইভেট পড়িয়ে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। পথে সোহেল রোজারিও তাকে বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে বিপ্লব রোজারিও এবং মিঠু বিশ্বাসের সহযোগিতায় গোয়ালপাড়ার জঙ্গল এলাকায় একটি টিনশেড আধাপাকা ভবনে দলবদ্ধ ধর্ষণ করে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘আমরা এ ব্যাপারটা নিয়ে কাজ করছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আমরা দ্রুত তাদের আইনের আওতায় আনবো।’