শাকসু নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, অভিযোগ শাবিপ্রবি ছাত্রদলের

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পূর্ব মুহূর্তে লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত বলে অভিযোগ তুলেছে শাখা ছাত্রদল। তারা বলেছে, এখন নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে "অসম প্রতিদ্বন্দ্বিতা", যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার। লিখিত বক্তব্যে তিনি বলেন, “যেসব সংগঠন প্রশাসনের আশ্রয়ে বা গোপনে দীর্ঘদিন কার্যক্রম চালিয়েছে, তারাই নির্বাচনে সবচেয়ে বেশি সুবিধা পাবে। ফলে প্রতিযোগিতা নয়, বরং পক্ষপাতদুষ্ট নির্বাচন হবে।”

নাঈম সরকার বলেন, “দীর্ঘ ১০ মাস ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে দেওয়া হয়নি। এখন আচমকা নির্বাচন ডেকে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরির সুযোগ না দিয়ে কারও স্বার্থে নির্বাচন আয়োজন করা হচ্ছে কি না, সেটি প্রশ্নবিদ্ধ।”

তিনি আরও বলেন, বর্তমানে চলছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। এ সময়ে নির্বাচনী তৎপরতা শুরু করায় শিক্ষার্থীদের ওপর অপ্রয়োজনীয় মানসিক চাপ তৈরি হচ্ছে।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

আবাসিক হলে আসন বরাদ্দের প্রসঙ্গে নাঈম সরকার অভিযোগ করেন, “যে প্রশাসন আসন বণ্টনে ন্যায্যতা নিশ্চিত করতে পারে না, তারা কীভাবে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে?”

ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হয়, শাকসু নির্বাচনের আগে হল বণ্টন, প্রশাসনিক নীতিমালা ও নির্বাচনী প্রক্রিয়ায় সমতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

ছাত্রদলের ৭ দফা প্রস্তাব

সংবাদ সম্মেলনে ছাত্রদল ৭টি প্রস্তাবনা উপস্থাপন করে, যার মধ্যে উল্লেখযোগ্য: সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষে উৎসবমুখর পরিবেশে শাকসু নির্বাচনের আয়োজন, স্বচ্ছ কোটানীতিমালা ও হল বরাদ্দ প্রক্রিয়া, ‘স্মার্ট ও সুরক্ষিত ক্যাম্পাস সনদ–২০২৫’ প্রণয়ন, প্রশাসনের নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা, ৫ আগস্টের পর ছাত্রদল উত্থাপিত দাবিসমূহ বাস্তবায়ন।