নাটোরের সিংড়ায় অনলাইন জুয়া খেলা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের জের ধরে মীমাংসা করতে আসা এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে পেট্রলবাংলা আনোয়ারা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মিঠুন সাহ (৩৪) বড় ভাইয়ের সম্বন্ধী (শ্যালক)। তিনি উপজেলার আদিমপুর গ্রামের মৃত গোলাপ সাহের ছেলে এবং বিয়াস মাবিয়া মোড়ের চা ও মনোহারি ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পেট্রলবাংলা মহল্লার মৃত নাসিরুল ইসলামের দুই ছেলে মমিনুল ইসলাম নিশান ও তার আপন ছোট ভাই মাহামুদুল হাসান নিক্সনের মধ্যে অনলাইন জুয়া খেলা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ মীমাংসা করতে এসে যুবক মিঠুন সাহ খুন হন।
এলাকাবাসী আরও জানান, নিশান ও নিক্সন দুই ভাই অনলাইন জুয়ায় আসক্ত। সম্প্রতি ছোট ভাই নিক্সনের জুয়া খেলার কবলে পড়ে আপন বড় ভাই নিশান নিঃস্ব হয়ে পড়েন। এ নিয়ে দুই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয়। পরে বড় ভাই নিশানের প্রতিকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ছোট ভাইয়ের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। এই পোস্ট দেওয়া নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয়। পরে দুই ভাইয়ের দ্বন্দ্ব মীমাংসা করতে আসেন মিঠুন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম খোকন বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের বুক ও গলায় ছুরিকাঘাত করা হয়েছে।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে, এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।