অভিযানের খবর পেয়ে জাল ফেলে পালালেন জেলেরা

মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মেঘনা নদীতে প্রশাসনের ব্যাপক অভিযান চালানো হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বিকেলে চাঁদপুর শহর থেকে হাইমচর পর্যন্ত নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ-পুলিশ, জেলা পুলিশ ও মৎস্য বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এদিকে অভিযানের খবর পেয়ে নদী ফাঁকা হয়ে যায়, কোথাও দেখা মেলেনি জেলে নৌকার। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিতে কিছু জেলে গোপনে নদীতে জাল ফেলে তীরে লুকিয়ে থাকে। অভিযানের সময় মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে জাল ও নৌকা তল্লাশি করা হয় এবং মা ইলিশ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমরা জেলেদের শাস্তি নয়, সচেতন করতে চাই। নদী তাদের, তাই সম্পদ রক্ষাও তাদের দায়িত্ব। তিনি আরও জানান, এ পর্যন্ত সাড়ে ৩০০টির বেশি অভিযান পরিচালিত হয়েছে। মা ইলিশ রক্ষায় শেষ সময় পর্যন্ত তদারকি অব্যাহত থাকবে।