বক্স অফিসে ঝড় তুলল আরেক দক্ষিণি সিনেমা

কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’। মুক্তির দুই সপ্তাহ পরও বক্স অফিসে ঝড় তুলছে ছবিটি এবং বক্স অফিসে এখনো দাপট দেখাচ্ছে। এরই মধ্যে এবার আলোচনায় আরেক দক্ষিণি সিনেমা ‘ডুড’।

গত শুক্রবার (১৭ অক্টোবর) মুক্তির পর মাত্র চার দিনেই সিনেমাটির আয় ১১৫ কোটি টাকা। মঙ্গলবার ফিল্মি বিটের বরাতে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।  

কীর্তিস্বরণের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করছেন প্রদীপ রঙ্গনাথন, মমিথা বাইজু, সারথকুমার, রোহিনী, দ্রাবিড সেলভম, নেহা শেঠি, সত্যা প্রমুখ। মাত্র দুই সিনেমা দিয়েই প্রদীপ রঙ্গনাথন নিজের জায়গা তৈরি করেছেন। দক্ষিণ ভারতের তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি। তার নতুন সিনেমা ‘ডুড’ও মুক্তির পরেই ঝড় তুলেছে বক্স অফিসে। ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ দেখে মনে হচ্ছে, আরও একটি হিট উপহার দিতে যাচ্ছেন তরুণ এই অভিনেতা।

প্রদীপ রঙ্গনাথন ও মমিথা বাইজুর সঙ্গে অভিনীত রোমান্টিক ড্রামেডি ‘ডুড’ মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ১১৫ কোটি টাকা আয় করেছে। সিনেমাটি মুক্তি পেয়েছে দেওয়ালি উৎসব উপলক্ষে, ছবিটি যে তাই ব্যবসা করবেই, সেটা আগেই ধারণা করা গিয়েছিল। 

ছবির কাহিনি

দুই বন্ধু- আগন (প্রদীপ) ও কুরাল (মমিথা)-এর জীবনকে ঘিরে, যাদের সম্পর্কে মোড় আসে কুরাল যখন বিয়ের প্রস্তাব দেয়।

কী বলছেন সমালোচকেরা

হিন্দুস্তান টাইমসের রিভিউয়ে ছবির নতুন জুটি ও রোমান্টিক গল্পের প্রশংসা করা হয়েছে। ‘নির্মাতা অত্যন্ত নিখুঁতভাবে প্রচলিত রোমান্টিক ট্রপগুলো ব্যবহার করেছেন, তবে প্রয়োজনীয় ক্ষেত্রে স্টেরিওটাইপ উল্টে দিয়েছেন। ছবির সবচেয়ে ভালো দিক হলো, আপনি মনে করেন গল্পটা আপনি ধরতে পারছেন, কিন্তু চলমান সময় আপনার ধারণা প্রায়ই চ্যালেঞ্জের মুখে পড়ে’, লিখেছে গণমাধ্যমটি।