পলাশবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের আবেদন বক্সে দুর্বৃত্তদের হামলা,

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির নতুন ডিলার নিয়োগের আবেদন জমার শেষ দিনে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে রাখা আবেদন বক্স ভাঙচুর ও আবেদনপত্র তছনছ করে পালিয়ে যায় একদল দুর্বৃত্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ছিল ডিলার নিয়োগের জন্য আবেদন জমার শেষ দিন। বিকেল ৩টায় লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করার কথা ছিল উপজেলা প্রশাসনের। তবে তার আগেই দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে স্থাপিত দুটি আবেদন বক্স ভেঙে ফেলে এবং ভেতরের আবেদনপত্র ছিঁড়ে ফেলে এলোমেলো করে দেয়।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার বলেন, “তাৎক্ষণিকভাবে হামলাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদ আল হাসান জানান, “ঘটনার পরপরই দুর্বৃত্তদের শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নির্ধারিত দিনে লটারি করা সম্ভব হয়নি। পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিলার নির্বাচন করা হবে।