‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয় পর্যন্ত গিয়ে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব খন্দকার ইসতিয়াক আহমেদ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নোয়াখালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. লিয়াকত আকবর, যিনি পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন; এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. পপি কুন্ডু।
এছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কাম্য নয়। চালকদের বেপরোয়া আচরণ, প্রতিযোগিতা, অদক্ষতা, অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন, পর্যাপ্ত বিশ্রামের অভাব এবং পথচারীদের অসচেতনতা—এসবই দুর্ঘটনার জন্য দায়ী। সড়ক দুর্ঘটনা রোধে চালক, মালিক, যাত্রী, পথচারী—সবার সম্মিলিত সচেতনতা জরুরি।
তারা আরও বলেন, সরকার ইতোমধ্যে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন করেছে এবং বিভিন্ন প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রম চালু রেখেছে। এ আইন যথাযথভাবে প্রয়োগ করলে দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব শান্তনু কুমার দাশ।
স্বাগত বক্তব্য সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এর প্রতিনিধি মোটরযান পরিদর্শক জনাব মাহবুব রাব্বানী বলেন- গাড়ির চালকদের রাস্তায় প্রতিযোগিতামূলক ভাবে গাড়ি চালনো থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি অতিরিক্ত মালামাল ও যাত্রী বহন করা থেকে বিরত থাকা এবং ট্রাফিক সাইন ও সিগন্যাল মেনে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানান।
তিনি আরো বলেন- সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক বিআরটিএ নোয়াখালী সার্কেল কর্তৃক নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী,শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও আলোচনা সভার ও সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং নোয়াখালী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ এছাড়া জনবহুল স্থানে পোষ্টার লাগানো হয় এবং উক্ত কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।