অর্থপাচার মামলায় সম্রাটকে রোববারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ

প্রায় ২০০ কোটি টাকা অর্থপাচারের মামলায় জামিনে থাকা যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে আগামী রোববারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামান।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিন সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন (হীরা) আদালতে হাজিরা দেন। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এই হাজিরা বাতিলের আবেদন করেন।

আদালত তখন জানতে চান, সম্রাট বর্তমানে কোথায় আছেন। জবাবে আইনজীবী জানান, তিনি তা জানেন না। এরপর আদালত বলেন, ‘আগামী রোববারের মধ্যে সম্রাটকে হাজির করা হোক, ওই দিন শুনানি হবে।’

আইনজীবী আফরোজা শাহনাজ বলেন, ‘আদালতের আগের আদেশে বলা হয়েছিল অভিযোগ গঠনের আগ পর্যন্ত সম্রাটের পক্ষে আইনজীবী হাজিরা দিতে পারবেন। তাই নতুন করে হাজিরার নির্দেশ দেওয়া অস্বাভাবিক।’

উল্লেখ্য, ২০২০ সালের ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগ সম্রাটের বিরুদ্ধে অর্থপাচারের মামলা করে। অভিযোগে বলা হয়, মতিঝিল, ফকিরাপুল, পল্টন ও কাকরাইল এলাকায় অবৈধ প্রভাব বিস্তার করে তিনি ১৯৫ কোটি টাকা উপার্জন করেন এবং সহযোগী এনামুল হক আরমানের সহায়তায় তা সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় পাচার করেন।

২০১৯ সালে র‌্যাবের অভিযানে রাজধানীর ক্লাবপাড়ায় অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ড প্রকাশ পেলে সম্রাটকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মাদক, অস্ত্র, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের চারটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। সবশেষ তিন মামলায় জামিনের পর ২০২৩ সালের মে মাসে মুক্তি পান সম্রাট।