নৈশ প্রহরী ও কর্মচারীদের বেঁধে হিমাগারে ডাকাতি

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের এনএন হিমাগারে নৈশ প্রহরী ও কর্মচারীদের বেঁধে রেখে সংঘবদ্ধ ডাকাতরা ১২ লাখ ৫৪ হাজার ৯২০ টাকা, ৪২ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং সিসি ক্যামেরার হার্ডডিস্ক লুট করে নিয়ে গেছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ ও হিমাগার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে ৮–১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল হিমাগারে প্রবেশ করে। তারা প্রথমে নৈশ প্রহরী সোহেল রানা, মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম ও কর্মচারী সুজন বাবুকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর অফিসকক্ষে ঢুকে সিন্দুক ভেঙে নগদ টাকা, টেলিভিশন ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অফিসকক্ষের ড্রয়ারগুলো খোলা অবস্থায় পড়ে আছে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র। সেখানে পড়ে আছে ভাঙা সিন্দুক, বাঁশের লাঠি ও লোহার পাইপ।

হিমাগারের মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম বলেন, ডাকাতেরা হিমাগারের পেছন দিক দিয়ে ভেতরে ঢুকে আমাদের দুজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। পরে আমাকে নিয়ে অফিসে যায়। আমি তাদের দিকে তাকানোয় তারা আমাকে মারধর করে। এরপর সোহেল রানাকেও বেঁধে অফিসে নিয়ে যায়। পরে সুজনকেও ধরে নিয়ে আসে। এরপর তারা সিন্দুক ভেঙে টাকা, টিভি ও সিসিটিভির মেশিন নিয়ে পালিয়ে যায়। তাদের মুখ মাঙ্কি টুপি দিয়ে ঢাকা ছিল।

এনএন হিমাগারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম বলেন, রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ফোনে ডাকাতির খবর পাই। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই এবং ঘটনাস্থলে যাই।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, খবর পেয়ে ভোরের দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।