বাগেরহাটের মোরেলগঞ্জে গরুচোর সন্দেহে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মতিয়ার রহমান (৪৫) বাগেরহাট সদর উপজেলার চরগ্রামের রশিদ শেখের ছেলে। আহতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮), রামপাল উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮) ও ফকিরহাটের চাকুলি গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০)।
মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ভবতোষ চন্দ্র মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে ছয়-সাতজনের একটি দল মিনি পিকআপ নিয়ে বলভদ্রপুর গ্রামে এসে একটি গরুর গোয়ালের সামনে দাঁড়ায়। এ সময় গাড়ির শব্দে ওই বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। গোয়ালের সামনে গাড়ি দেখে সন্দেহ হলে তারা ডাকচিৎকার শুরু করে। তাদের চিৎকার শুনে আশেপাশের লোকজন বেরিয়ে মিনি পিকআপটিকে ধাওয়া করে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে মিনি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তখন গ্রামবাসী চারজনকে ধরে লাঠিসোটা দিয়ে পিটুনি দেয়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।