কোরআন বা হাদিসে কোথায় লেখা আছে বিশেষ কোনো প্রতীকে ভোট দিলে জান্নাত যাওয়া যাবে-আর না দিলে জাহান্নামে যেতে হবে? এমন প্রশ্ন রেখেছেন ঢাকা-২০ আসনের মনোনয়নপ্রত্যাশী ও জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ। তিনি বলেন, ভোটাদের বিভ্রান্ত করতেই একটি দল এই ধরনের বক্তব্য দিচ্ছে, যার সাথে ইসলাম ধর্মের কোনো সংযোগ নেই।
শনিবার (২৫ অক্টোবর) ধানের শীষের পক্ষে জনসংযোগ ও মতবিনিময় সভায় ঢাকা-২০ আসনের মনোনয়নপ্রত্যাশী মুরাদ এ কথা বলেন।
জনগণের ভোটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন উল্লেখ করেন মুরাদ। রাষ্ট্র সংস্কার বিষয়ে তিনি বলেন, আজকে বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের জন্য যে প্রত্যাশা, সেটা হলো একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে, সেই সংস্কারের রূপরেখা প্রায় আড়াই বছর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিল। কাজেই বিএনপিকে সংস্কার শেখাতে হবে না। বিএনপি সংস্কারে বিশ্বাস করে।
ভালুম (কালামপুর) আতাউর রহমান খান ডিগ্রি কলেজ মাঠে অধ্যাপক এমএ জলিলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপি নেতা আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, হাজী লোকমান দেওয়ান, ইবাদুল হক জাহিদ খুররম চৌধুরী টুটুল, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন প্রমুখ।