বৈশ্বিক কূটনীতি, যুক্তিনির্ভর আলোচনা ও নেতৃত্ব বিকাশের আদর্শকে এগিয়ে নিতে ঢাকায় অনুষ্ঠিত হলো বহুল প্রত্যাশিত ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ছায়া জাতিসংঘ সম্মেলন (ডিআরএমসি এমইউএন) ২০২৫।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কলেজ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় তিন দিনব্যাপী এই সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. জাবের হোসেন।
২০২২ সালে যাত্রা শুরু করা ডিআরএমসি এমইউএন এখন বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ছায়া জাতিসংঘ সম্মেলনে পরিণত হয়েছে। প্রতিবছরই এটি তরুণ প্রজন্মকে বৈশ্বিক সংলাপ, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্বের বাস্তব অনুশীলনের সুযোগ করে দিচ্ছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে “Pathway to Peace” বা ‘শান্তির পথে এগিয়ে চলা’। এই মূলবাণীর আলোকে তরুণ প্রতিনিধিরা বৈশ্বিক শান্তি, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব নিয়ে আলোচনা করছেন।
১৪টি কমিটিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন এ সম্মেলনে। অংশগ্রহণকারীরা জাতিসংঘের বিভিন্ন কমিটির কার্যক্রম অনুকরণ করে সমসাময়িক বৈশ্বিক সংকট ও মানবিক ইস্যুতে আলোচনা, বিতর্ক ও সমাধানের প্রস্তাবনা উপস্থাপন করছেন।
এবারের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন ইবতিসাম মাহী। তিনি জানান, “ডিআরএমসি এমইউএন তরুণদের যুক্তি, সহমর্মিতা ও নেতৃত্ব শেখার এক অনন্য অভিজ্ঞতা দিচ্ছে।”
সম্মেলনের শেষ দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হিউ গিলস, যার উপস্থিতি এই আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।
ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ ছায়া জাতিসংঘ সম্মেলনের মূল বিশ্বাস- “তরুণরাই শান্তি ও মানবতার সত্যিকারের দূত।” এই বিশ্বাস থেকেই ডিআরএমসি এমইউএন ২০২৫ তরুণদের একত্রিত করছে—শান্তির পথে অগ্রযাত্রায়, যুক্তি ও মানবতার আলোয় একটি ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ার লক্ষ্যে।