দুর্ঘটনার পর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল শুরু

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, দুর্ঘটনার পর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরবর্তীতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে, তবে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত সার্ভিস বন্ধ রয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে আবুল কালাম (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঈশরপাটি গ্রামে।

এর আগে গত বছর (সেপ্টেম্বর ২০২৪) ফার্মগেট এলাকায় একইভাবে একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে গিয়েছিল। তখনও ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ ছিল। দ্বিতীয়বার এমন ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

মেট্রোরেলের উড়ালপথের পিলার ও গার্ডারের মাঝখানে বিয়ারিং প্যাড স্থাপন করা হয়, যা কম্পন শোষণ করে এবং ভারসাম্য বজায় রাখে। প্রতিটি প্যাডের ওজন প্রায় ১৪০–১৫০ কেজি। এসব বিয়ারিং প্যাড ছাড়া ট্রেন চালালে উড়ালপথে দেবে যাওয়া বা স্থানচ্যুতি ঘটার আশঙ্কা থাকে।