বঙ্গোপসাগরে জেলে সাদ্দাম হোসেনের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের একটি বিশাল ইলিশ। মাছটি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিরহাট মাছঘাটে নিলামে ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকালে স্থানীয় মৎস্য ব্যবসায়ী আমির হোসেন ইলিশটি সর্বোচ্চ দামে ক্রয় করেন।
জানা গেছে, ভোলার জেলে সাদ্দাম হোসেন ১৫ জন সঙ্গী নিয়ে শনিবার (২৫ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। জাল ফেলার পর অন্যান্য ইলিশের সঙ্গে বিশাল এই ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনা হলে নিলামে চড়া দামে বিক্রি হয়।
আড়তদার মো. বাবুল বলেন, জেলে সাদ্দাম অনেকগুলো ইলিশসহ বড় ইলিশটিও আড়তে নিয়ে আসেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই এমন একটি বড় ইলিশ ধরা পড়েছে। সচরাচর এত বড় ইলিশ পাওয়া যায় না, তাই দামও তুলনামূলক বেশি পেয়েছে।
ক্রেতা আমির হোসেন বলেন, আড়াই কেজি ওজনের ইলিশটি আমি ৯ হাজার ২০০ টাকায় কিনেছি। ঢাকার বাজারে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। সেখানে পাঠালে অন্তত ১১ থেকে ১২ হাজার টাকায় বিক্রি করতে পারব বলে আশা করছি।