ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, এদেশে নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতায় থেকে অন্যায়, অত্যাচার ও লুটপাট করছে। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। সচেতন হন, তারা আবার ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না। তবে আমি বিশ্বাস করি হাতপাখা বিজয় হলে জাতির বিজয় হবে।
রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদশের গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফয়জুল করিম বলেন, সৎ ও ইসলামী আদর্শে পরিপূর্ণ একজন নেতার নিষ্ঠাবান নেতৃত্বই বদলে দিতে পারে রাষ্ট্রের সামগ্রিক কার্যক্রম, বদলে দিতে পারে সাধারণ মানুষের জীবন ধারা। এ ক্ষেত্রে ইসলামী দলগুলোর বিকল্প নেই।
তিনি বলেন, দেশে ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে। তাই পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া এ দেশে স্থিতিশীল অবস্থা বজায় রাখা কঠিন হয়ে পড়বে। ইদানিং রাষ্ট্রের কিছু দায়িত্বজ্ঞানহীন নেতারা রাজনীতির মুলধারার বাইরে গিয়ে জনগনকে ভুল বুঝিয়ে মিথ্যা আশ্বাসের মাধ্যমে ধোঁকা দিচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শবান নীতির ধারক ও বাহক হিসবে মুক্তিকামী জনতার পাশে দাঁড়িয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী ও বাকেরগঞ্জ উপজেলা শাখার আমির অধ্যাপক আ খ ম ফিরোজ আলমসহ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।