নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে এক কলেজ শিক্ষার্থীর চোখ উপড়ে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ অক্টোবর) উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র রেদোয়ান হোসেন (১৮) গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে অপহরণের শিকার হন। দুর্বৃত্তরা তাকে মধুখালী পশ্চিমপাড়ার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত একটি ঘরে আটকে রাখে। সেখানে তার হাত-পা ও মুখ বেঁধে বেধড়ক মারধর করা হয়।
পরে অপহরণকারীরা মোবাইল ফোনে রেদোয়ানের বাবা আক্তার হোসেনের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু তিনি টাকা দিতে অস্বীকার করলে দুর্বৃত্তরা রেদোয়ানের ডান চোখ ছুরি দিয়ে উপড়ে ফেলে। একপর্যায়ে তার চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় রেদোয়ানকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রেদোয়ানের পিতা আক্তার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার পর মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।