জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সদর এলাকায় সোমবার ভোরে বালিজুড়ি বাজারের হর্কাস মার্কেটে আগুন লেগে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক ঘণ্টা চেষ্টার পর মাদারগঞ্জ ফায়ার সার্ভিস টিম আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও দোকানিরা জানান, ভোর থেকে মার্কেটের বন্ধ সার্টারের ভিতর থেকে ধোঁয়ার কুন্ডলী দেখতে পান। বিষয়টি দোকান মালিকদের জানানোর পর অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জানিয়েছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো চূড়ান্তভাবে জানা যায়নি এবং তদন্ত চলমান।
ক্ষতিগ্রস্ত দোকানি মোগল মিয়া, খোকা, মোশারফসহ আরও অনেকে জানান, তারা ছোট ব্যবসায়ী জীবন দিয়ে এই দোকানগুলো গড়ে তুলেছিলেন। এই অগ্নিকাণ্ডে তাদের সঞ্চিত সব সম্পদ শেষ হয়ে গেছে এবং তারা বর্তমানে পথে বসার মতো পরিস্থিতিতে পড়েছেন।