ফতুল্লায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসার হুজুর আটক

ফতুল্লার রামারবাগ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ১২ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিনকে (২৫) সোমবার রাত ১০ টায় আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। 

সোমবার মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্রকে তার মা দেখতে এলে সে তাদের কাছে কান্নাকাটি করে এসব কথা জানায়। এ সময় মাদ্রাসার পরিচালকরা ভুক্তভোগীর পরিবারকে নিয়ে সমঝোতার চেষ্টা করে। তবে সমঝোতা না হওয়ায় এক পর্যায়ে পুলিশকে খবর দেয় ভুক্তভোগীর পরিবার। 

শিশুটি জানায়, আগে এক রাতে শিক্ষক নিজামউদ্দিন রাত ১২টার দিকে রুমের লাইট নিভিয়ে তার পাশে শোয়ায় গায়ে হাত দেয়। পরবর্তীতে তাকে বিভিন্ন অবান্তর প্রশ্ন করে ঘটনা স্বাভাবিক করার চেষ্টা করে। গত রবিবার একইভাবে রাতে আবারও তার পাশে শুয়ে পড়ে অভিযুক্ত হুজুর। এ সময় সে শিশু ছাত্রের গায়ের কাঁথা সরিয়ে হাত দেওয়ার চেষ্টা করে। পরে সোমবার সকালে তাকে আলাদা ডেকে জিজ্ঞাস করে যে রাতের কথা কাউকে জানিয়েছে কিনা।

আরও পড়ুন:  ভোলায় ডেঙ্গুতে আক্রান্ত ১০ জন

তবে অভিযুক্ত শিক্ষক নিজামউদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, 'এগুলো তার সাজানো কথা। তাকে পড়ালেখা করতে বলায় সে এসব বলছে।' 

ফতুল্লা মডেল থানার এসআই ফজলুল হক জানান, আমরা উভয় পক্ষের কথা জানতে পেরেছি। আপাতত সমাধানের জন্য থানায় উভয়কেই নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত তথ্য প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

ইত্তেফাক/জেডএইচডি